মাসুদ করিম, রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুরস্থ সিটি অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ছয়টার দিকে সিটি ইকোনোমিক জোনের অটো রাইস মিলে এ ব্রয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, উপজেলার তালতলা এলাকার আমির হোসেনের ছেলে সাব্বির মিয়া (২৫) ও হামিদ প্রদানের ছেলে মোজাম্মেল হক (৪৫)।
শ্রমিক সুত্রে জানা যায় , রাইস মিলের শ্রমিকরা কাজ করাকালীন সকাল সাড়ে ছয়টার দিকে হঠাৎ অটো রাইস মিলের ব্রয়লার বিস্ফোরণের ঘটনায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় সাব্বির মিয়া ও মোজাম্মেল হক দগ্ধ হন। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।
দগ্ধ মোজাম্মেল হকের স্ত্রী আমেনা বেগম জানান, তার স্বামী মোজাম্মেল হকের শরীরের অর্ধেক অংশ ঝলসে গেছে। একই অবস্থা সাব্বিরেরও।
তবে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করলেও মিল কর্তৃপক্ষ কথা বলতে রাজি হননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।
