শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি, অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি, অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

মোঃ মনজুর মোল্লা : রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতি করে পালানোর সময় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে ধানমন্ডির ১২ নম্বর রোডের ডিঙ্গী রেস্টুরেন্টের সামনের পাকা রাস্তায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি দেশীয় রিভলবার উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— তানভীর আবেদীন জুই (৪১), মো. মজিবুর রহমান (৬০) এবং মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির (৬০)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, রোববার দুপুরে ভুক্তভোগী মো. খোরশেদ আলম (৫০) টাকা নিয়ে যাওয়ার সময় ৮-১০ জনের একটি ডাকাত দল অস্ত্রের মুখে তাঁর গতিপথ রোধ করে। পরবর্তীতে ডাকাতি করে পালানোর সময় স্থানীয় জনতা ও ধানমন্ডি মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তানভীর আবেদীন ও মজিবুর রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তানভীরের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি দেশীয় রিভলবার উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তার মজিবুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে উত্তরের দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের অন্য সদস্য ‘ক্যাপ্টেন জাকির’কে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা