বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মনোহরদীতে তেলের ট্যাংকারে মিলল গাঁজার চালান, ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

মনোহরদীতে তেলের ট্যাংকারে মিলল গাঁজার চালান, ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

কামরুল ইসলাম কামাল, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে তেলবাহী ট্যাংকারে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো: আরিফুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মনোহরদী থানাধীন মইষাকান্দি এলাকায় অভিযান চালিয়ে এ মাদকের চালান জব্দ করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন : হবিগঞ্জের মাধবপুর থানার শ্রীধরপুর এলাকার মোঃ আমির আলী (২৫), ব্রাহ্মণবাড়িয়া সদরের ঘাটুরা এলাকার ট্রাকচালক মোঃ আলাল খন্দকার (৩৫) এবং একই এলাকার হেলপার মোঃ মনির হোসেন (৩০)।

অতিরিক্ত পুলিশ সুপার মো: আরিফুল ইসলাম জানান, সিলেট ও হবিগঞ্জ থেকে একটি বড় মাদকের চালান তেলবাহী ট্রাকের ট্যাংকারে করে নরসিংদী হয়ে ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন তথ্য পায় র‍্যাব। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদীর একটি আভিযানিক দল মইষাকান্দি এলাকার আবুল কালামের মুদি দোকানের সামনে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন একটি তেলবাহী ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ট্যাংকারের ভেতর থেকে ৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

​অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিসহ আসামিদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

​গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে মনোহরদী থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আরিফুল ইসলাম।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা