স্টাফ রিপোর্টার : বৃদ্ধ বাবা-মায়ের কাছ থেকে জোরপূর্বক সম্পত্তি লিখিয়ে নিয়ে পরে তাদের বৃদ্ধাশ্রমে পাঠানোর মতো অমানবিক ঘটনা ঠেকাতে সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ পাস হয়েছে। তবে বিলটির কিছু বিধান মুসলিম শরিয়া আইনের ‘হেবা’ বা দান বিধির সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেতারা।
বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ইসলাম ধর্মে পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার ও তাদের প্রতি সম্মান দেখানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অথচ বাস্তবে অনেক ক্ষেত্রেই সন্তানরা বাবা-মায়ের সম্পত্তি দখলে নেওয়ার পর তাদের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করেন।
তিনি বলেন, অনেক সন্তান বাবা-মায়ের সম্পত্তি চাপ প্রয়োগ করে নিজেদের নামে লিখিয়ে নেন। পরে তারা বড় বড় ভবনে বসবাস করলেও সেই বাবা-মায়ের ঠাঁই হয় ভবনের ছোট কোনো অংশে। অনেক ক্ষেত্রে নিজেদের বাড়িতেও জায়গা না পেয়ে বাবা-মাকে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হয়।
রুমিন ফারহানা এ ধরনের পরিস্থিতি প্রতিরোধে বিলটি সংসদে আনার জন্য আইনমন্ত্রীকে ধন্যবাদ জানান। তবে বিলটিতে আরও কিছু বিষয় যুক্ত করার প্রয়োজন রয়েছে বলেও মত দেন তিনি।
তিনি বলেন, বাবা-মায়ের ভরণ-পোষণে অবহেলা বা নির্যাতন করা হলে দান বা হেবা বাতিলের একতরফা অধিকার দাতাকে দিতে হবে। এ ক্ষেত্রে ‘পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় বিধান যুক্ত করা যেতে পারে।
