মো. কেফাইতুল ভুঁইয়া, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া : বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিজয়নগর উপজেলা মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট এলাকায় অবস্থিত সংসদ সদস্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে বিজয়নগর উপজেলার সাংবাদিকতা, গণমাধ্যমের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনসহ স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা।
মতবিনিময়কালে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিজয়নগর উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড, সম্ভাবনা ও জনগণের বিভিন্ন সমস্যা গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, গণমাধ্যম সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ। স্থানীয় সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ও তথ্যনির্ভর সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মাইনুদ্দিন রুবেল, সহ-সভাপতি আশিষ সাহা, সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক কেফাইতুল ভূঁইয়া, কোষাধ্যক্ষ মো. বাইজিদুল ইসলাম বাবুল এবং কার্যকরী সদস্য মাহমুদ হাসান সুমন।
সৌজন্য সাক্ষাৎকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ সংসদ সদস্যের সঙ্গে বিজয়নগরের গণমাধ্যম ও সাংবাদিকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
