শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টেকনাফের গভীর সমুদ্রে ইউরিয়া সার ও নিত্যপণ্যসহ ১০ পাচারকারী আটক

টেকনাফের গভীর সমুদ্রে ইউরিয়া সার ও নিত্যপণ্যসহ ১০ পাচারকারী আটক

টেকনাফ থেকে ফরহাদ রহমান : কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ ইউরিয়া সার, রসুন ও পেঁয়াজসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান।

তিনি জানান, শনিবার মধ্যরাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন স্টেশন কোস্ট গার্ডের একটি বিশেষ টহল দল ছেঁড়া দ্বীপসংলগ্ন দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করেন।

বোটটিতে তল্লাশি চালিয়ে প্রায় ১৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ২৪০ বস্তা (১২ হাজার কেজি) ইউরিয়া সার, ১৯০ বস্তা (৩ হাজার ৮০০ কেজি) রসুন এবং ৯০ বস্তা (৪ হাজার ৫০০ কেজি) পেঁয়াজ জব্দ করা হয়। এ সময় বোটে থাকা একজন রোহিঙ্গাসহ মোট ১০ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

জব্দ করা মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা