শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ দ্রুত সময়ের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের সিক্সল্যানের কাজ শেষ হবে : সড়কমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের সিক্সল্যানের কাজ শেষ হবে : সড়কমন্ত্রী

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) থেকে মো. কেফাইতুল ভুঁইয়া : ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে মহাসড়কটির সিক্সল্যান প্রকল্পের কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন মন্ত্রী।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, “ঢাকা-সিলেট মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এ সড়কের উন্নয়ন প্রকল্পটি অনেক আগে নেওয়া হয়েছিল। কিন্তু প্রকল্পটির অগ্রগতি সন্তোষজনক ছিল না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।”

মন্ত্রী বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ফলে প্রকল্পটির কাজ বর্তমানে ৫৬ শতাংশ অগ্রগতি হয়েছে। আগামী দুই মাসের মধ্যে ভূমি-সংক্রান্ত জটিলতা নিরসন করে কাজ শতভাগ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ এ মহাসড়কটি দ্রুত বাস্তবায়ন করতে সরকার কাজ করছে। প্রকল্পের যেসব স্থানে ত্রুটি-বিচ্যুতি রয়েছে, সেগুলো সংশোধন করে কাজ এগিয়ে নেওয়া হবে।

শেখ রবিউল আলম বলেন, ২০২৯ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করে মহাসড়কটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে।

মহাসড়ক পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা