আলীকদম (বান্দরবান) থেকে শামিমুর রহমান জিসান : বান্দরবানের আলীকদমে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার ২০২৭–২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির দায়িত্বশীলদের শপথ গ্রহণ ও পরিচিতি উপলক্ষে আয়োজিত সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, দায়িত্বশীলদের ভূমিকা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সভায় নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা শপথ গ্রহণ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আলীকদম উপজেলা শাখার সভাপতি মাওলানা নজির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির আলীকদম উপজেলা শাখার সাবেক উপদেষ্টা, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মুফতী সাইফুল্লাহ সাইফী। তিনি নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ পাঠ করান।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও গতিশীল করা, দায়িত্বশীলদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি ও স্থানীয় পর্যায়ে কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
উপদেষ্টা পরিষদে যারা
নতুন সেশনের উপদেষ্টা পরিষদে দায়িত্ব পেয়েছেন হাফেজ মুহাম্মদ ইব্রাহিম, মাওলানা শিব্বির আহমদ ছিদ্দিকী, কাজী কুতুব উদ্দিন, মাওলানা মুফতী শফিউল আলম, মাওলানা এ কে এম আয়ুব খান, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা জুনাইদুল ইসলাম, মাওলানা মারুফ হাসান ও মুফতী সাইফুল্লাহ সাইফী।
পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বশীলরা
ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা নজির উদ্দিন। সহ-সভাপতি হিসেবে রয়েছেন আব্দুল জব্বার ও মো. আবু শাকের।
সেক্রেটারি পদে মাওলানা জালাল উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি পদে হাফেজ নূর হাকিম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক পদে মো. আবুল হাশেম, প্রচার সম্পাদক পদে মোহাম্মদ হোসেন, দপ্তর সম্পাদক পদে মো. দুলাল মিয়া এবং অর্থ ও প্রকাশনা সম্পাদক পদে মো. নাছির উদ্দিন দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া প্রশিক্ষণ সম্পাদক হিসেবে মাওলানা ইসমাইল, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক হিসেবে আব্দুল মজিদ, ছাত্রী ও মহিলা ইউনিট বিষয়ক সম্পাদক হিসেবে আব্দুল মজিদ (খলিফা), ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মো. আহমদ উল্লাহ এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক হিসেবে মো. ইয়াছিন মিঞা দায়িত্ব পেয়েছেন।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন নারায়ণ দে, মো. মনছুর আলম ও মাওলানা মো. মামুন। এছাড়া মহিলা ইউনিট থেকে আরও আটজন সদস্যকে পরবর্তীতে কমিটিতে অন্তর্ভুক্ত করার কথা জানানো হয়েছে।
সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা
শপথ গ্রহণের পর অনুষ্ঠিত পরিচিতি ও আলোচনা পর্বে সংগঠনের দায়িত্বশীলদের সাংগঠনিক ভূমিকা, শৃঙ্খলা, দায়িত্ব বণ্টন এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময় করা হয়। নতুন সেশনে দায়িত্বপ্রাপ্তদের নিজ নিজ সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সংগঠনের স্থানীয় পর্যায়ের কার্যক্রমকে আরও সুসংগঠিত করার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। পাশাপাশি দায়িত্বশীলদের মধ্যে সমন্বয় এবং সাংগঠনিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পায়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এর মধ্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলীকদম উপজেলা শাখার ২০২৭–২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভার সমাপ্তি ঘটে।
