চাটখিল সোনাইমুড়ী থেকে ওমর ফারুক : নোয়াখালীর চাটখিল উপজেলার লক্ষণপুর গ্রামে দিনে দুপুরে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
এসময ডাকাত দল সৌদি প্রবাসী হারুনের বাড়ি থেকে ১৪ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
শুক্রবার বেলা ১২ টায় লক্ষনপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দিনের বেলায় জুমার নামাজের সময় প্রবাসী হারুনের পরিবারের সদস্যরা বাড়ির বাহিরে থাকার সুযোগ নিয়ে একটি সশস্ত্র ডাকাত দল তার ঘরে প্রবেশ করে। ডাকাতরা দেশীয় অস্ত্র, কেচি গেট ও আলমারি কাটার যন্ত্রাংশ দিয়ে আলমারি, ওয়্যারড্রব ও ড্রয়ার ভেঙে প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা এবং অন্যান্য জিনিসপত্র লুটে নেয়। মালামাল লুট করে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ভুক্তভোগী পরিবারের দাবি, লুণ্ঠিত স্বর্ণ ও নগদ টাকাসহ মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।
ঘটনার খবর পেয়ে চাটখিল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তথ্য ও আলামত সংগ্রহ করে।
চাটখিল থানার কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে জানান দিনের আলোতে ডাকাতির এ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
