রবিবার | সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ডিবির অভিযানে গ্রেফতার ৪

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ডিবির অভিযানে গ্রেফতার ৪

মো.নূর আলম ভূইয়া : রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির ঘটনায় মূল অপরাধী সহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে রায়হান উদ্দিনকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল। পরে গ্রেফতার এর দেয়া তথ্য মতে রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেয় তথ্যে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী ডিএমপির মিডিয়া সেন্টারে রবিবার দুপুর ১২টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ রায়হান উদ্দিন (৩৫), রাসেল খান (৩২), আলা উদ্দিন (২৮) ও আব্দুল্লাহ (২৮)।

ডিবি ওয়ারী সূত্রে জানা গেছে, প্রথমে রাজধানীর বংশাল থেকে রায়হান উদ্দিন কে গ্রেফতার করার পর তার দেয়া তথ্য মতে ডিএমপির ডেমরার ডগাইর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত রাসেল খান, আলা উদ্দিন ও আব্দুল্লাহ নামের আরো তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেয়া তথ্যে লালবাগ থানাধীন জেন সাহা রোডের একটি ১০ তলা ভবনের নিচতলার পার্কিং এলাকায় ইটের সুড়কি বস্তার মধ্যে থেকে লাল রঙের কসটেপ দিয়ে মোড়ানো চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

এর আগে ১৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টায় যাত্রাবাড়ী থানার সামনে পাকা সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন সাধারণ পথচারী গুরুতর আহত হন। ঘটনার পর যাত্রাবাড়ী থানা পুলিশের পাশাপাশি ডিবি ওয়ারী বিভাগ ছায়া তদন্ত শুরু করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী ডিএমপির মিডিয়া সেন্টারে রবিবার দুপুর ১২টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত রায়হান উদ্দিন এর আগেও মতিঝিল থানার একটি মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন হাজতবাসের পর জামিনে বেরিয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়। গ্রেফতারকৃতরা একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে ডিবি ও থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা