স্টাফ রিপোর্টার : জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরসঙ্গী হিসেবে থাকছেন ৩৫ জন।
এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী, ওয়াশিংটনের বাংলাদেশের রাষ্ট্রদূত, স্থায়ী প্রতিনিধি নিউইয়র্ক থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হবেন। সফরসঙ্গীদের মধ্যে চার জন মন্ত্রীও আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দেওয়া তথ্যানুযায়ী প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর তালিকায় আছেন দুইজন রাজনৈতিক ব্যক্তিত্বও। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ডক্টর গোলাম মহিউদ্দিন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন। এছাড়া, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর তালিকায় আছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান।
শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ২১ থেকে ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর আয়োজনের পরিকল্পনা করা হলেও সংক্ষিপ্ত করা হয়েছে সফরটি। নিউইয়র্কে যাওয়ার পর ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন তিনি। এত পরদিনই, অর্থাৎ ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে রওনা দেবেন ঢাকার উদ্দেশে।
যুক্তরাষ্ট্রে এই সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের তালিকাও ছোট। অতীতের সরকারগুলোর তুলনায় বেশ ছোট প্রতিনিধিদল নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সংক্ষিপ্ত সফরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর কৃচ্ছ্রসাধনের বহিঃপ্রকাশ ঘটেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিউইয়র্কে অবস্থানের সময় জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেইসঙ্গে বাংলাদেশ আয়োজিত আলোচনা এবং বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়েও পৃথকভাবে আলোচনা করবেন তিনি।
জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠকের মধ্যে রয়েছে উন্নয়ন, মহামারি প্রতিরোধ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও পরমাণু নিরস্ত্রীকরণ। এছাড়া, সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সমস্যাসহ একাধিক আলোচনার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ।
সেইসঙ্গে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ব্রেন্ডান নেলসনের সঙ্গেও বৈঠক হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও যোগ দেবেন তিনি।
