বৃহস্পতিবার | সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ খেলা শালিখায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত

শালিখায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত

শালিখা মাগুরা থেকে ইয়াছিন মোল্যা : ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শালিখা উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে এ কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খাইরুল ইসলাম।

প্রতিযোগিতায় উপজেলার সাতটি ইউনিয়ন থেকে সাতটি দল অংশ নেয়। খেলা দেখতে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক,জুয়া ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য। খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিএনপির সাবেক উপজেলা আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন, সদস্যসচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট, জেলা যুবদলের সহসভাপতি কাইজার হোসেন, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান শহীদ,রেজাউল ইসলাম রেজাসহ উপজেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তা, কমিউনিটি পুলিশের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া উক্ত কাবাডি খেলার সার্বিক পরিচালনা করেন শালিখা থানা অফিসার ইনচার্জ আশিকুর রহমান।

প্রতিযোগিতার প্রথম রাউন্ডে আড়পাড়া, শতখালী, শালিখা ও তালখড়ি ইউনিয়নের দল জয়লাভ করে পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা