শুক্রবার | সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রচ্ছদ বিশ্ব কঙ্গোতে ১০০ যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত অন্তত ৪১

কঙ্গোতে ১০০ যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত অন্তত ৪১

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) টাঙ্গানিকা হ্রদে প্রায় ১০০ যাত্রী ও পণ্যবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ যাত্রীদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তানজানিয়ার কিগোমা বন্দর থেকে ডিআর কঙ্গোর কালেমি শহরের উদ্দেশে যাত্রা করা নৌকাটি মাপেরা গ্রামের কাছে ডুবে যায়। ডিআর কঙ্গোর টাঙ্গানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মুলঙ্গোয়ি এ তথ্য জানিয়েছেন।

উদ্ধার হওয়া যাত্রীদের একজন অ্যানি মোয়োনি জাতিসংঘ-সমর্থিত রেডিও ওকাপিকে জানান, স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে ঘুমন্ত যাত্রীরা হঠাৎ জেগে ওঠেন। এ সময় তারা দেখতে পান নৌকাটি একদিকে কাত হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই সেটি পানিতে ডুবে যায়।

নৌকাডুবির সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ডিআর কঙ্গোতে অতিরিক্ত যাত্রী ও পণ্য বহন এবং পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জামের অভাব নৌদুর্ঘটনার অন্যতম কারণ হয়ে থাকে।

দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক নৌদুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় শত শত মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছে।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা