রবিবার | সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রচ্ছদ শিক্ষা রাঙামাটিতে এ প্লাস ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রাঙামাটিতে এ প্লাস ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রাঙামাটি থেকে মো. নাজিম আলী : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ প্লাসপ্রাপ্ত এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাঙামাটি শহরের বনরূপায় আইসিআর হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা শাখার অফিস সম্পাদক জালাল উদ্দিনের সঞ্চালনায় এবং জেলা সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্সের ডিন ড. এনায়েত উল্লাহ পাঠওয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি পার্বত্য জেলা শাখার আমীর আব্দুল আলীম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ সম্পাদক নোমান হোসেন নয়ন, সোহরাওয়ার্দী হলের ভিপি নেয়ামতুল্লাহ আবরার এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম সাফি। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করাই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে হবে। অর্জিত জ্ঞান ও মেধাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

পরে এ প্লাসপ্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়। শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা