ঠাকুরগাঁও থেকে মো: আসাদুজ্জামান আসাদ : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিলের শেষ দিনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়।
এদিনে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
রিটার্নিংকর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পাঁচটি দলের ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
প্রার্থীরা হলেন—বিএনপি মনোনীত ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, বিএনপি মনোনিত আরেক প্রার্থী জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
আজ মনোনয়ন দাখিলের শেষ দিনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির দুই প্রার্থী। ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সভাপতি মির্জা ফয়সাল আমিন ও জেলা বিএনপি’র সহ-সভাপতি, সাবেক ভিপি ও ছাত্রনেতা ওবায়দুল্লাহ মাসুদ।
রোববার পৃথক সময়ে তারা এ মনোনয়ন দাখিল করেন।
এর আগে গতকাল শনিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়ন দাখিল করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ এর প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনসহ অন্যান্য দলের প্রার্থীরা।
রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম আরো জানান, আগামী ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এরপর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের উপ- নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১শ ৩৮ জন। ১৮৫ কেন্দ্রে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানায় নির্বাচন অফিস।
বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
