বাঘাইছড়ি থেকে আনোয়ার হোসেন : রাঙামাটির বাঘাইছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার টিএনটি কলোনি মোড়সংলগ্ন মারাত্মক পাহাড় এলাকায় এ অভিযান পরিচালনা করে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে গহীন জঙ্গলের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে দুটি ভারতীয় পিস্তল, তিন রাউন্ড গুলি এবং শতাধিক কার্টন অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেন।
অভিযানের সার্বিক দিকনির্দেশনা ও নেতৃত্বে ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোন কমান্ডার বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ চোরাচালান, অস্ত্র পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির জিরো টলারেন্স নীতি এবং কঠোর অভিযান অব্যাহত থাকবে।
