বৃহস্পতিবার | অক্টোবর ১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ আজমিরীগঞ্জ কিশোরী অপহরণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

আজমিরীগঞ্জ কিশোরী অপহরণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

লিটন পাঠান, হবিগঞ্জ : হবিগঞ্জের আজমিরীগঞ্জে কিশোরী অপহরণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শোয়েব মিয়াকে (৩২) সিলেটের ওসমানীনগর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। এসআরবি-৯ সূত্রে জানা যায়, গ্রেপ্তার শোয়েব মিয়া আজমিরীগঞ্জ উপজেলার সিকান্দরপুর গ্রামের মৃত ইস্তার মিয়ার ছেলে। তিনি এ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিকটিমের সঙ্গে শোয়েব মিয়ার প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি ভিকটিমের পরিবার শোয়েবের পরিবারকে জানালে তারা সহযোগিতা না করে উল্টো ভিকটিমের পরিবারের সদস্যদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ করা হয়েছে। গত ২১ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে শোয়েব মিয়া অন্যদের সহযোগিতায় তাকে ফুসলিয়ে অপহরণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। পরে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কিশোরীর সন্ধান না পেয়ে শোয়েবের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তারা কিশোরীকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে পুনরায় যোগাযোগ করা হলে শোয়েবের পরিবারের সদস্যরা দুর্ব্যবহার করে তাদের বাড়ি থেকে বের করে দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধারে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও সিপিএসসি কোম্পানি, সিলেটের একটি যৌথ দল মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে সিলেটের ওসমানীনগর থানার উমরপুর ইউনিয়নের মুল্লাপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি বাড়ি থেকে শোয়েব মিয়াকে গ্রেপ্তার এবং কিশোরীকে উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, গ্রেপ্তার শোয়েব মিয়া আজমিরীগঞ্জ থানার মামলা নং-০৩, তারিখ ২৬ আগস্ট ২০২৬-এর এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫)-এর ৭/৩০ ধারায় মামলা রয়েছে।

পরে গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৯।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা