মোঃ মাহাবুবুর রহমান ঢাকা : বাংলাদেশ মৎস্যজীবী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ৩ অক্টোবর ২০২৬, শনিবার ঢাকার কেরানীগঞ্জের চর মিরের বাগে মৎস্যজীবীদের সমস্যা ও জীবনমান উন্নয়ন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা জেলে পরিবারের নানা দূরবস্থা তুলে ধরে তাদের মৌলিক অধিকার ও আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জনাব মোঃ সোলাইমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্যজীবী কল্যাণ ট্রাস্টের মহাসচিব জনাব আলহাজ্ব মোঃ আবুল কাশেম মিঞা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ আলী মিঞা সহ আরো অনেকে।
সভায় উপস্থিত বিভিন্ন বক্তা ও জেলে প্রতিনিধিরা তাদের দৈনন্দিন জীবিকার সংকট, প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব এবং সামাজিক নিরাপত্তার ঘাটতিসহ মৎস্যজীবী পরিবারের নানা সমস্যার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ সোলাইমান বলেন, “দেশের আমিষের চাহিদা পূরণ ও অর্থনীতিতে মৎস্যজীবীদের অবদান অনস্বীকার্য। জেলে পরিবারের আর্থ-সামাজিক মান উন্নয়নে আমাদের সকলকে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।”
সমাপনী বক্তব্যে বাংলাদেশ মৎস্যজীবী কল্যাণ ট্রাস্টের মহাসচিব জনাব আলহাজ্ব মোঃ আবুল কাশেম মিঞা বলেন, “শিক্ষা ক্ষেত্রে জেলে পরিবারের সন্তানেরা এখনও অনেক পিছিয়ে আছে। একটি জাতির উন্নয়নের মূল চাবিকাঠি হলো শিক্ষা। তাই জেলে পরিবারের সন্তানদের শিক্ষা গ্রহণ ও তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে আমাদের এগিয়ে আসতে হবে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
