সোমবার | অক্টোবর ৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চৌগাছায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী ব্যক্তি নিহত

চৌগাছায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী ব্যক্তি নিহত

চৌগাছা (যশোর) থেকে শ্যামল দত্ত : যশোরের চৌগাছায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে মিজানুর রহমান (৪০) নামে এক প্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বাগচা লক্ষ্মীপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

রোববার (৫ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, গভীর রাতে তিন ব্যক্তি গ্রামের ইদ্রিস আলীর গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেয়ে ইদ্রিস আলী ও তার ছেলে শফিকুল ইসলাম চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় গ্রামবাসী তাদের ধাওয়া করলে দুজন পালিয়ে যেতে সক্ষম হন। অপর একজনকে স্থানীয়রা ধরে ফেলেন।

পরে তাকে গণপিটুনি দেওয়া হলে মিজানুর রহমান গুরুতর আহত হন। একপর্যায়ে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই রাজু আহমেদ জানান, মিজানুর রহমান মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং তার প্রতিবন্ধী কার্ডও রয়েছে। তিনি মাঝেমধ্যে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যেতেন এবং পরে আবার বাড়িতে ফিরে আসতেন। প্রতিবন্ধী হওয়ায় তিনি বিয়ে করেননি।

রাজু আহমেদ আরও জানান, মিজানুরের মরদেহ নিতে পরিবারের সদস্যরা বাড়ি থেকে রওনা হয়েছেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা