চাটখিল (নোয়াখালী) থেকে ওমর ফারুক : নোয়াখালীর চাটখিলে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও চাটখিল শিক্ষক পরিবারের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
৫ অক্টোবর (সোমবার) বিকেলে চাটখিল উপজেলা পরিষদ প্রাঙ্গণে আকাশে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করা হয়। এর পরপরই উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এতে প্রধানন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, “শিক্ষক ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হলে দেশের সকল উন্নয়ন হয়। শিক্ষকদের পিছিয়ে রেখে দেশ আগাতে পারে না। একটি প্রগতিশীল, বৈষম্যহীন ও উন্নত জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। সরকার শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন এবং তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সর্বদাই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের নতুন প্রজন্মকে দেশপ্রেমিক ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও বেশি নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হবে।”
আলোচনা সভায় অন্যান্য বক্তারাও শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা, অধিকার আদায় এবং দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে শিক্ষকদের নিবেদিতপ্রাণ ও অনন্য ভূমিকার ওপর বিস্তারিত আলোচনা করেন।
