রবিবার | অক্টোবর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কর্ণফুলীর মৎস্যসম্পদ রক্ষায় কাপ্তাইয়ে ২৫ মৎস্যজীবীকে প্রশিক্ষণ

কর্ণফুলীর মৎস্যসম্পদ রক্ষায় কাপ্তাইয়ে ২৫ মৎস্যজীবীকে প্রশিক্ষণ

কাপ্তাই থেকে নুর মোহাম্মদ বাবু : কর্ণফুলী নদীর মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে রাঙামাটির কাপ্তাইয়ে ২৫ মৎস্যজীবীকে নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় কাপ্তাই বিআরডিবি হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় মৎস্য অধিদপ্তর, চট্টগ্রামের উদ্যোগে এবং কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণে পোনা পরিবহন, নার্সারি ব্যবস্থাপনা, মৎস্য চাষের কৌশল ও মৎস্য সংরক্ষণ আইন সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। পাশাপাশি হালদা নদী ও এর সঙ্গে সংযুক্ত কর্ণফুলী নদীর গুরুত্ব, প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল তুলে ধরা হচ্ছে।

প্রশিক্ষণ পরিচালনা করছেন কাপ্তাইয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এরশাদ বিন শহীদ এবং রাঙামাটি সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান।

কাপ্তাইয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এরশাদ বিন শহীদ বলেন, “মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বাড়াতে মৎস্যজীবীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি জরুরি। এ প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের টেকসই মৎস্য ব্যবস্থাপনায় আরও দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।”
আগামী ১৩ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা