রবিবার | অক্টোবর ১৮, ২০২৬
প্রচ্ছদ শিক্ষা কাপ্তাইয়ে সুইডেন পলিটেকনিকে নবীনবরণ ও অভিভাবক দিবস, ডুয়েটে চান্স পাওয়া ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কাপ্তাইয়ে সুইডেন পলিটেকনিকে নবীনবরণ ও অভিভাবক দিবস, ডুয়েটে চান্স পাওয়া ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কাপ্তাই থেকে নুর মোহাম্মদ বাবু : কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষ জনশক্তি হিসেবে দেশ গড়ার পাশাপাশি মা-বাবার স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে নবীন-প্রবীণ শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

রোববার সকাল ১১টায় রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও অভিভাবক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহামুদ হাসান।

ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্সট্রাক্টর মো. শোয়াইব উদ্দীন।

এতে স্বাগত বক্তব্য দেন অটোমোবাইল বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. এনামুল হক হাজারী, কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মুহাম্মদ তারেকুল ইসলাম এবং সিভিল উড বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ইকবাল হোসেন।

বক্তারা শিক্ষার্থীদের দক্ষ কারিগর ও সৎ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তাঁরা মাদক ও সব ধরনের খারাপ অভ্যাস থেকে দূরে থেকে দেশ-বিদেশে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি সুন্দর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার পরামর্শ দেন।

অনুষ্ঠানের আগে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ১৪ জন শিক্ষার্থী ডুয়েট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কৃতকার্য হওয়ায় তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। পরে নবীন-প্রবীণ শিক্ষার্থী ও অভিভাবকেরা বক্তব্য দেন।

এ সময় ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ইন্সট্রাক্টর, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা