শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ শিক্ষা বগুড়া সরকারি মজিবর রহমান ভাণ্ডারী মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

বগুড়া সরকারি মজিবর রহমান ভাণ্ডারী মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

বগুড়া থেকে সাইফুল ইসলাম : বর্ণিল আয়োজন, ফুলেল শুভেচ্ছা আর আনন্দ-উচ্ছ্বাসে বগুড়া সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে নতুন শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান। নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে কলেজে পদার্পণ করা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন হয়। এ সময় উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান অতিথিবৃন্দ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় কলেজের একাডেমিক ভবনে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেনের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

তিনি নবীন শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে স্বাগত জানান এবং তাঁদের ভবিষ্যৎ জীবন ও শিক্ষাজীবন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধিন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. আহসানুল তৈয়ব জাকির , সরকারি মজিবর রহমান ভাণ্ডারী মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. মাসুদ ইকবাল।

নবীনবরণ অনুষ্ঠানের আরোও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি তৌহিদুর রহমান মামুন, অত্র কলেজের সাবেক ভিপি ও জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, অত্র কলেজের সাবেক ভিপি শামিমা আকতার পলিন, সাবেক ভিপি বেলা, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারন সম্পাদক এম আর পলাশ, আজিজুল হক কলেজ শাখার সদস্য সচিব রাফিউল ইসলাম, মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ শাখার সভাপতি পারভীন আক্তার জিম, সাধারণ সম্পাদক তিতলি তাবাসসুমসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

বক্তব্যে প্রধান অতিথি রেজাউল করিম বাদশা এমপি বলেন, কলেজ কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের স্থান নয়; এটি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, চিন্তাশক্তি ও নেতৃত্বের গুণাবলি বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এখান থেকেই গড়ে ওঠে আগামী দিনের দক্ষ ও যোগ্য নেতৃত্ব। তাই শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলাবোধ, সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব দিতে হবে। নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার জন্যও তাঁদের প্রতি আহ্বান জানান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা