আলীকদম (বান্দরবান) থেকে শামিমুর রহমান জিসান : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় চার প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
বিজিবি সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর রেকি কার্যক্রম সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও ঝুঁকি চিহ্নিতকরণ কার্যক্রম পরিচালনা করা হবে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে জানানো হয় ।
দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিজিবি। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন।
গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে গুরুত্ব দেওয়া হয়েছে। সন্দেহজনক কার্যকলাপ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা গেলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে বিজিবি জনসাধারণের সহযোগিতা কামনা করেছে।
