শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ জাতীয় ফ্যামিলি কার্ড চালুর কারণে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ

ফ্যামিলি কার্ড চালুর কারণে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ

জনতা ডেস্ক : ফ্যামিলি কার্ড চালুর কারণে তালাক বন্ধ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সরকারের ভালো উদ্যোগগুলো গণমাধ্যমে বারবার তুলে ধরার আহ্বানও জানিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন চিফ হুইপ।

নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মায়েদের নামে ফ্যামিলি কার্ড দিয়েছেন। এর মাধ্যমে নারীদের ক্ষমতায়ন করা হয়েছে এবং তাঁরা সরাসরি এর সুফল ভোগ করবেন।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডের সুবিধার কারণে স্বামী-স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন এসেছে। তাঁর দাবি, এই উদ্যোগের ফলে তালাক বন্ধ হয়েছে।

চিফ হুইপ আরও বলেন, ‘ভালো না মন্দ কাজ? যদি ভালো হয়, আপনারা বড় করে লেখেন। ভালো কাজগুলো বারবার মনে করিয়ে দিয়েন।’

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির সমালোচনা করেন। তাঁর দাবি, ওই চুক্তির অর্থ দিয়ে দেশে পাঁচটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা সম্ভব হতো। এ ছাড়া বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্র জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করেছিল বলেও অভিযোগ করেন তিনি।

সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট বার্তা হলো, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে দেশ পরিচালিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় তাঁর দাবি, গত দুই বছরে দেশে কোনো প্রতিমা বা মূর্তি ভাঙার ঘটনা ঘটেনি।

জেলা আইনশৃঙ্খলাবিষয়ক ওই সভায় আরও উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, জেলা প্রশাসক তাসলিমা আক্তার, পুলিশ সুপার কুদরত খুদা, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা