বৃহস্পতিবার | অক্টোবর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শ্রীবরদীতে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শ্রীবরদীতে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া বাজারে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে খালের পানিতে ভাসমান অবস্থায় থাকা নীল রঙের একটি প্লাস্টিকের ড্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে একটি প্লাস্টিকের ড্রাম খালের পানিতে ভাসতে দেখে এলাকাবাসী। এভাবে পানিতে ড্রামটি ভাসতে দেখে এলাকার লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে তারা গ্রাম পুলিশের মাধ্যমে শ্রীবরদী থানা পুলিশকে অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রামটি খুললে গলায় কাপড় পেঁচানো অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পান। এছাড়াও মরদেহের কপাল ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানা যায়। তবে এখনো পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে শ্রীবরদী থানার (ওসি তদন্ত) মো. আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি নিজেও ঘটনাস্থলে রয়েছি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টিম ঘটনাস্থলে রয়েছে এবং মরদেহটির পরিচয় সনাক্তে কাজ করছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা