শুক্রবার | অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১, উদ্ধার ২০ লিটার চোলাইমদ

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১, উদ্ধার ২০ লিটার চোলাইমদ

মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পলাতক আসামি, মাদক কারবারি, প্রতারক ও কিশোরসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬ রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ প্রতি লাল চাকমা (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদক কারবারের অভিযোগে মজিবুর রহমান (৫৬), মো. জয়নাল (২৮), মো. মনির হোসেন (৪০) ও মো. রায়হান আলীকে (৪০) গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ ও জিআর পরোয়ানামূলে মোহাম্মদ ইউসুফ (২৬) এবং জিআর পরোয়ানামূলে এনায়েত উল্লাহ ওরফে রাসেলকে (৩০) গ্রেপ্তার করা হয়। এ ছাড়া প্রতারণার অভিযোগে সুমন তঞ্চঙ্গ্যাকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, বেসামাল অবস্থায় ঘোরাফেরার কারণে ১৭ বছর বয়সী মো. রাব্বি হোসেন, ১৮ বছর বয়সী রায়হান উদ্দিন সামির এবং ২২ বছর বয়সী রায়হানকে আটক করা হয়। পরে তাদের অভিভাবকদের অনুরোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা