মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি : রাঙ্গামাটির লংগদুতে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের (৩৪ বলবান বীর) বিশেষ অভিযানে গাঁজাসহ দুই মাদক বয়বসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (গতকাল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাঁথাছড়া এলাকার শেখপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— মো. মোরশেদ আলম (২৪), পিতা: জাহাঙ্গীর আলম এবং মো. শরিফুল ইসলাম (২০), পিতা: ভুট্টু মিয়া। উভয়ের বাড়ি লংগদু উপজেলার গাঁথাছড়ার মিস্ত্রীটিলা ও দোকানটিলা এলাকায়।
সেনা সূত্রে জানা যায়, মাহিল্ল্যা এলাকা থেকে একটি নৌকাযোগে মাদক কারবারিরা গাঁজা নিয়ে গাঁথাছড়া এলাকায় আসছে—লংগদু জোনের জোন কমান্ডারের নিকট এমন সংবাদ আসলে, জোন কমান্ডারের দিকনির্দেশনায় এবং জেডএসও-এর তত্ত্বাবধানে কর্পোরাল জায়েদের নেতৃত্বে একটি বিশেষ দল শেখপাড়া এলাকায় গোপনে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন নৌকাটি ঘাটে ভীড়লে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গাঁজাসহ ওই দুই তরুণকে হাতেনাতে আটক করে সেনাসদস্যরা।
পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে আটককৃতদের লংগদু থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে লংগদু থানা পুলিশ জানায়, আটককৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
