বুধবার | নভেম্বর ৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ২০টা মাদক মামলার আসামি রাজুসহ গ্রেপ্তার-৩

নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ২০টা মাদক মামলার আসামি রাজুসহ গ্রেপ্তার-৩

মোঃ মজিবর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়ার বদিজমাপুর গ্রামের মাদক কারবারি রেজাউল করিম রাজুর (৫০) বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করে নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদের নেতৃত্বে থানা পুলিশের একটি দল। এ সময় মালামাল উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নাগেশ্বরীর কানিপাড়া বদিজমাপুর গ্রামের রেজাউল করিম রাজু (৫০), কাজিপাড়া গ্রামের ফজলে মিয়া (৪৮) এবং নাগেশ্বরী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বালাসিপাড়া গ্রামের রাসেল মিয়া (৩৫)।

পুলিশের প্রাথমিক ধারনা গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম ও লালমনিরহাটসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা এবং রাজধানী ঢাকায় মাদক সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সিডিএমএস (অপরাধ তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থা) পর্যালোচনায় প্রধান আসামি রেজাউল করিম রাজুর বিরুদ্ধে মোট ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলা নাগেশ্বরী ও কুড়িগ্রাম থানা, লালমনিরহাট সদর থানা এবং ঢাকা মহানগর পুলিশের ভাটারা থানায় দায়ের করা হয়েছে। এছাড়া অপর আসামি ফজলে মিয়ার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি মাদক মামলার তথ্য রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নাগেশ্বরী থানায় মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মাদকমুক্ত সমাজ গঠনে কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা