সোমবার | নভেম্বর ৯, ২০২৬
প্রচ্ছদ শিক্ষা উত্তরণ শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

উত্তরণ শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

রিয়াজ উদ্দিন, কক্সবাজার : ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কক্সবাজারে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তরণ মডেল কলেজ, উত্তরণ মডেল স্কুল ও উত্তরণ মডেল প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিন শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি ও বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক, শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উত্তরণ মডেল স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জালাল।

আলোচনা সভার আগে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উত্তরণ মডেল কলেজ থেকে প্রথম স্থান অর্জন করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মারুফা তানজিন, দ্বিতীয় হন নূরে জান্নাত নিশফা এবং তৃতীয় হন সুমি আক্তার।

উত্তরণ মডেল স্কুলের প্রতিযোগীদের মধ্যে প্রথম হন নবম শ্রেণির শিক্ষার্থী হৈমন্তী বণিক, দ্বিতীয় হন সপ্তম শ্রেণির শিক্ষার্থী আকিলা ছিদ্দিকা ফামিম এবং তৃতীয় হন অষ্টম শ্রেণির শিক্ষার্থী শারমিন আক্তার।

অন্যদিকে, উত্তরণ মডেল প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাফরিন সোলতানা ইমু, দ্বিতীয় হন একই শ্রেণির যারীন শরীফ এবং তৃতীয় হন তাসনুবা ইসলাম। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উত্তরণ মডেল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আবু হুরাইরা।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম বলেন, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন।

এ দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও সংহতির চেতনা ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনে সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেবে। তাই তাদের মধ্যে ইতিহাসচেতনা, দেশপ্রেম, নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে তোলা জরুরি।

পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি এ ধরনের সৃজনশীল ও জ্ঞানভিত্তিক আয়োজন শিক্ষার্থীদের চিন্তাশক্তি, মনন ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বক্তব্য দেন উত্তরণ মডেল কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক রেবেকা সুলতানা ডেজি ও প্রভাষক মামুনর রশীদ, উত্তরণ মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক দুলাল কান্তি দে এবং সিনিয়র শিক্ষক মো. জালাল উদ্দিন।

এসময় বক্তারা বলেন, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও মননশীলতা বিকাশের পাশাপাশি ইতিহাস সম্পর্কে জানার সুযোগ তৈরি করে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উত্তরণ মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ফজলুল হক।

এ সময় উত্তরণ মডেল কলেজ, উত্তরণ মডেল স্কুল ও উত্তরণ মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রভাষক, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা