মঙ্গলবার | নভেম্বর ১০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পোরশার নিতপুর বিলে অবাধে বন্য পাখি শিকার, হুমকির মুখে জীববৈচিত্র্য

পোরশার নিতপুর বিলে অবাধে বন্য পাখি শিকার, হুমকির মুখে জীববৈচিত্র্য

এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলার নিতপুর বিলে অবাধে বন্য পাখি শিকারের অভিযোগ উঠেছে। প্রতিদিন বিভিন্ন প্রজাতির বন্য পাখি শিকার করা হচ্ছে বলে জানা গেছে। এতে বিলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিতপুর বিল ও এর আশপাশের জলাশয়ে বিভিন্ন প্রজাতির দেশীয় ও অতিথি পাখির বিচরণ রয়েছে। শীত মৌসুমকে সামনে রেখে এসব পাখির আগমন বাড়তে শুরু করেছে। আর এই সুযোগে কিছু অসাধু ব্যক্তি গ্যাস বড়ি ও ফাঁদপেতে এবং বিভিন্ন কৌশলে পাখি শিকার করছে বলে অভিযোগ রয়েছে। আর এই সমস্ত পাখি বিভিন্ন হাটবাজারে খুচরা দামে বিক্রি করছে শিকারীরা।

আজ সোমবার সকালে সরজমিনে গেলে স্থানীয় পরিবেশপ্রেমী ও সচেতন মহল বলেন, বন্য পাখি প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বিচারে পাখি শিকার চলতে থাকলে একদিকে যেমন পাখির সংখ্যা কমে যাবে, অন্যদিকে পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়বে।

তাঁরা অবিলম্বে নিতপুর বিলে পাখি শিকার বন্ধে প্রশাসন, বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে পোরশা উপজেলা বন কর্মকর্তা মতিয়া রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন অফিসের বিভিন্ন মামলা তদবির করতে কোর্টে যাওয়া আসার কারণে আমি সময় দিতে পারি না তবে বিষয়টা আমি খতিয়ে দেখবো বলে জানান ।পাশাপাশি পাখি শিকারিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও বন বিভাগের নজরদারি বাড়ানো জরুরি বলে মনে করছেন এলাকাবাসী।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা