বৃহস্পতিবার | নভেম্বর ১২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক; ৫-৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক; ৫-৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

​আশুলিয়া প্রতিনিধি : সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ তৈরি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে শ্রমিকদের কর্মবিরতি ও অসন্তোষের মুখে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জামগড়া ও নরসিংহপুর এলাকার ৫ থেকে ৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলজুড়ে বিজিবি ও শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
​
সরেজমিনে দেখা যায়,বৃহস্পতিবার সকাল থেকেই আশুলিয়ার অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন। তবে জামগড়া ও নরসিংহপুর এলাকার ‘নেক্সট কালেকশন’সহ অন্তত ৫-৬টি কারখানার শ্রমিকরা সকালে কার্ড পাঞ্চ করে কারখানায় প্রবেশ করলেও কাজ বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন। ​একপর্যায়ে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা বাইরে বেরিয়ে আবদুল্লাহপুর-বাইপাইল মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তারা সড়ক ছেড়ে বাড়ি ফিরে যান। এছাড়া ‘এএম ডিজাইন’ নামক একটি কারখানার গেটে ঢিল ছোড়ার সময় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান,অন্যান্য দিনের তুলনায় আজ সাভার-আশুলিয়ার সার্বিক পরিস্থিতি অনেক ভালো এবং শান্তিপূর্ণ। তিনি বলেন, “শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন। তবে জামগড়া এলাকার ৫-৬টি কারখানার শ্রমিকরা কাজ না করে বেরিয়ে গেছেন। অন্য সব কারখানায় স্বাভাবিক উৎপাদন চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা ঢাকা জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে যৌথ টহল পরিচালনা করছি এবং শ্রমিক ও বাড়ির মালিকদের সচেতন করছি।”​নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, কোনো সুনির্দিষ্ট দাবি-দাওয়া ছাড়াই বহিরাগত একটি মহলের ইন্ধনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো উসকানিমূলক বার্তায় প্রভাবিত হয়ে কিছু শ্রমিক কাজ বন্ধ করছেন।
​
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বলেন, “সাভার-আশুলিয়ার পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ শান্ত। সরকার আন্তরিকভাবে মজুরি বোর্ড গঠন করেছে, জানুয়ারি থেকে শ্রমিকরা বর্ধিত বেতন এবং প্রতি মাসে ১০ কেজি করে চাল পাবেন। ফলে প্রকৃত শ্রমিকরা সবাই কাজে ফিরেছেন।”​তিনি আরও যোগ করেন, “যারা গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করে দেশের অর্থনীতি ধ্বংসের চেষ্টা করছে, তারা প্রকৃত শ্রমিক নয়; বরং কুচক্রী মহল ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্য। ইতিমধ্যে এ ধরনের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিল্পাঞ্চলে যেকোনো ধরনের বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করা হবে।”

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা