আনতালিয়া (তুরস্ক) থেকে জাহাঙ্গীর খান বাবু : আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১এর ভেন্যুতে দেশভিত্তিক প্যাভিলিয়নগুলো এখন নিজ নিজ দেশের জলবায়ু উদ্যোগ, অর্জন, পরিকল্পনা ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।
তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ ৩১ ঘুরে দেখা গেছে, বিভিন্ন দেশের প্যাভিলিয়নে চলছে নানা ধরনের প্রচারণামূলক কার্যক্রম। কোথাও ভিডিওগ্রাফি, কোথাও টেলিভিশন টকশো, আবার কোথাও সাংবাদিক ও সম্মেলনে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, অভিযোজন, অর্থায়ন এবং নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
প্যাভিলিয়নগুলোতে শুধু তথ্য প্রদর্শনই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের জলবায়ু উদ্যোগ ও সক্ষমতা তুলে ধরার প্রতিযোগিতাও চোখে পড়ার মতো। বিভিন্ন দেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। জলবায়ু সংকট মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে কী পরিকল্পনা রয়েছে, তা তুলে ধরা হচ্ছে নানা আয়োজনের মাধ্যমে।
সম্মেলন ভেন্যুতে ঘুরে দেখা যায়, অস্ট্রেলিয়ার প্যাভিলিয়নে আগতদের বিনামূল্যে কফি বিতরণ করা হচ্ছে। অন্যদিকে মোবিলাইজেশন প্যাভিলিয়নে সকালের নাশতা বিতরণের ব্যবস্থা রয়েছে। সম্মেলনের প্রবেশপথের ডান পাশে স্বেচ্ছাসেবকেরা আগতদের শুভেচ্ছা জানিয়ে বিনামূল্যে আপেলসহ খাবার বিতরণ করছেন। যাঁদের প্রয়োজন, তাঁরা লাইনে দাঁড়িয়ে এসব খাবার সংগ্রহ করছেন।
বড় আন্তর্জাতিক সম্মেলনের ব্যস্ততার মধ্যেও অংশগ্রহণকারীদের জন্য এমন আয়োজন বিশেষভাবে নজর কেড়েছে। বিভিন্ন দেশের প্যাভিলিয়নে তথ্য, আলোচনা ও প্রচারণার পাশাপাশি অংশগ্রহণকারীদের সম্পৃক্ত করার নানা উদ্যোগও দেখা যাচ্ছে।
অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীদের ব্যস্ততাও চোখে পড়ার মতো। মিডিয়া সেন্টারে বসে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকেরা নিজ নিজ সংবাদমাধ্যমের জন্য প্রতিবেদন তৈরি করছেন। কেউ সরাসরি সম্প্রচার করছেন, কেউ ভিডিও সাক্ষাৎকার নিচ্ছেন, আবার কেউ টকশো ও বিশেষ আলোচনার মাধ্যমে জলবায়ু সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছেন।
বাংলাদেশের জন্যও এবারের সম্মেলন বিশেষ তাৎপর্যপূর্ণ। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় ন্যায্যতা, অভিযোজন অর্থায়ন এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সুরক্ষার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরছে।
গতকাল বৃহস্পতিবার সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন। তাঁর বক্তব্যে জলবায়ু সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব উঠে আসে। আজ সকালে তিনি ঢাকা পৌঁছেছেন।
কপ-৩১-এর প্যাভিলিয়নগুলো ঘুরে একটি বিষয় স্পষ্ট—জলবায়ু পরিবর্তন এখন আর শুধু পরিবেশবিষয়ক আলোচনা নয়; এটি অর্থনীতি, উন্নয়ন, খাদ্যনিরাপত্তা, জনজীবন এবং আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ ইস্যু। প্রতিটি দেশ নিজেদের অবস্থান তুলে ধরছে, আর বিশ্ব গণমাধ্যম সেই উদ্যোগ ও আলোচনাগুলো পৌঁছে দিচ্ছে কোটি কোটি মানুষের কাছে।
আনতালিয়ার এই সম্মেলনকেন্দ্রে তাই একদিকে চলছে জলবায়ু সংকট মোকাবিলার নীতিনির্ধারণী আলোচনা, অন্যদিকে প্যাভিলিয়নজুড়ে চলছে দেশগুলোর উদ্যোগ ও সক্ষমতা তুলে ধরার প্রচেষ্টা। সব মিলিয়ে কপ_৩১ এখন জলবায়ু কূটনীতি, প্রচারণা ও আন্তর্জাতিক সাংবাদিকতার এক ব্যস্ত মিলনমেলা।
