সোমবার | নভেম্বর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চলতি মাসেই কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা

প্রথম ধাপে মাসকাট ও পেনাং রুটে উড়বে বিমান: দুবাই, ব্যাংকক, ফুকেট ও ভারতেও ফ্লাইট পরিচালনার আগ্রহ

চলতি মাসেই কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা

এইচ এন আলম, কক্সবাজার : পর্যটন নগরী কক্সবাজার থেকে চলতি নভেম্বর মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে ঢাকা-কক্সবাজার-মাসকাট রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং কক্সবাজার-পেনাং রুটে এয়ারএশিয়া ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি দুবাই, ব্যাংকক, ফুকেট ও ভারতের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছে আরও কয়েকটি এয়ারলাইনস।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশি পর্যটকদের সরাসরি কক্সবাজারে আসার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে আকাশ যোগাযোগ বাড়ার পাশাপাশি পর্যটনশিল্প ও স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। তবে নিয়মিত ফ্লাইট পরিচালনা, প্রতিযোগিতামূলক ভাড়া এবং মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সম্প্রতি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠি দিয়ে সরকারের এ উদ্যোগের কথা জানিয়েছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।

সভায় জানানো হয়, কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবন্দরটি থেকে আন্তর্জাতিক ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

আন্তর্জাতিক কার্যক্রম শুরুর লক্ষ্যে বিমানবন্দরে নতুন যাত্রী টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। পাশাপাশি রানওয়ে মেরামতের কাজও শেষ হয়েছে। আন্তর্জাতিক যাত্রীসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর জন্য অফিসের জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সভায় জানিয়েছে, আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার জন্য বিমানবন্দরটি প্রস্তুত। এ বিষয়ে বেবিচকের সদস্য (এটিএম) মো. নূর-ই আলম বলেন, কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। তিনি সময় দিলেই কার্যক্রম শুরু হবে।

প্রথম ধাপে মাসকাট ও পেনাং রুটে ফ্লাইট
সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, নভেম্বর থেকেই ঢাকা-কক্সবাজার-মাসকাট এবং মাসকাট-কক্সবাজার-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে একটি ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কক্সবাজার থেকেই মধ্যপ্রাচ্যে যাতায়াতের সুযোগ তৈরি হবে।

অন্যদিকে, মালয়েশিয়ার এয়ারএশিয়া কক্সবাজার-পেনাং এবং পেনাং-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছে। এর ফলে কক্সবাজারের সঙ্গে মালয়েশিয়ার পেনাংয়ের সরাসরি আকাশ যোগাযোগ প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছে।

তাছাড়াও দুবাই, ব্যাংকক ও ফুকেটেও আগ্রহ
কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছে ফ্লাই দুবাই। প্রতিষ্ঠানটির প্রতিনিধি সভায় দুবাই-ব্যাংকক-কক্সবাজার এবং কক্সবাজার-ব্যাংকক-দুবাই রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনার কথা জানান। পরবর্তী সময়ে কক্সবাজার-ফুকেট ও ফুকেট-কক্সবাজার রুটেও ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করা হয়।

এ ছাড়া এয়ার অ্যাস্ট্রা কক্সবাজার থেকে ভারতের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছে। তবে এ বিষয়ে আরও পর্যালোচনার প্রয়োজন বলে জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

পর্যটক আকর্ষণে বিশেষ প্যাকেজের প্রস্তাব
কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে এয়ারপোর্ট অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংগঠনটির পক্ষ থেকে দেশি-বিদেশি পর্যটক ও এয়ারলাইনসকে আকৃষ্ট করতে হোটেল ও বিমানভাড়ার সমন্বয়ে বিশেষ প্যাকেজ, সুবিধা ও ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

সভায় উপস্থিত অন্যান্য এয়ারলাইনসের প্রতিনিধিরাও এ প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন। তাঁদের মতে, সমন্বিত পর্যটন প্যাকেজ চালু করা গেলে যাত্রী ও পর্যটকের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।

সভায় সিদ্ধান্ত হয়, কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় এয়ারলাইনসগুলোকে আকৃষ্ট করতে একটি ধারণাপত্র তৈরি করা হবে। এতে সম্ভাব্য পর্যটক চাহিদা, সমন্বিত পর্যটন প্যাকেজ এবং বিমান চলাচল ও পর্যটন খাতের উন্নয়ন কৌশল পর্যালোচনা করা হবে। একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি ও পরিকল্পনা দ্রুত মন্ত্রণালয়কে জানাতে এয়ারলাইনসগুলোকে বলা হয়েছে।

পর্যটন ও অর্থনীতিতে নতুন সম্ভাবনা
সংশ্লিষ্টদের মতে, কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশি পর্যটকদের সরাসরি যাতায়াত সহজ হবে। এতে পর্যটনকেন্দ্রিক হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও পরিবহন ব্যবসায় নতুন গতি আসতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠিত হলে বিদেশি পর্যটকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের যাতায়াতও সহজ হবে।

তবে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কক্সবাজারের সম্ভাবনা কাজে লাগাতে শুধু উদ্বোধন বা ফ্লাইট চালু করাই যথেষ্ট নয়। নিয়মিত ফ্লাইট পরিচালনা, যাত্রী চাহিদা অনুযায়ী রুট নির্ধারণ, সাশ্রয়ী বিমানভাড়া এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করতে হবে। এসব বিষয় কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে কক্সবাজার দেশের পর্যটন ও আন্তর্জাতিক বিমান যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা