সোমবার | নভেম্বর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সুবর্ণচরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা

সুবর্ণচরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে আয়োজিত এ সভায় উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল আরিফের সঞ্চালনায় এবং আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ.বি.এম. জাকারিয়া, জেলা বিএনপির সদস্য এনায়েত উল্লাহ বাবুল, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ছারোয়ার উদ্দিন দিদার এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান। প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল।

এ ছাড়া উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী শাহাব উদ্দিন অনিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের আকাশসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। জাতীয় বিপ্লব ও সংহতির চেতনায় দেশপ্রেম, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা স্মরণ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ছাত্রসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং মানুষের প্রত্যাশা পূরণে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তারা আরও বলেন, সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক ঐক্য বজায় রেখে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে হবে।

আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা