পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বন্ধুত্বের বন্ধনে দুই দিন, স্মৃতির পাতায় ফিরে দেখা সোনালি অতীত জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার দাখিল ২০০২ ও কামিল ২০০৮ ব্যাচের দুই দিনব্যাপী বর্ণাঢ্য পুনর্মিলনী আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গত ১৩ ও ১৪ নভেম্বর পর্যটননগরী কক্সবাজারে আয়োজিত এ মিলনমেলায় পুরোনো বন্ধুদের প্রাণবন্ত উপস্থিতি, হাসি-আড্ডা, স্মৃতিচারণ ও ভালোবাসার আবেশে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে যেন ফিরে যান জীবনের সেই সোনালি দিনগুলোতে। সময়ের ব্যবধানে জীবনের নানা ব্যস্ততায় দূরে সরে গেলেও বন্ধুত্বের টানে সবাই আবার মিলিত হন একই ছাদের নিচে।শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজার পৌঁছানোর পর দিনভর বন্ধুদের মধ্যে চলে প্রাণবন্ত আড্ডা, খুনসুটি ও আনন্দ-উল্লাস। এরপর রাতে কক্সবাজারের হোটেল কল্লোলের হলরুমে অনুষ্ঠিত হয় সংবর্ধনা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কামাল উদ্দিন মাসুদ ও মাহতাবুল করিমের সাবলীল সঞ্চালনায় পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. সাইফুদ্দিন। হামদ-নাত পরিবেশন করেন মাওলানা শফিউল হক চিশতী এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু ইউসুফ। এরপর শাহাদাত হোসেন রনি ও জামাল উদ্দিনের প্রাণবন্ত কৌতুক পরিবেশনায় হলরুমজুড়ে ছড়িয়ে পড়ে হাসির আমেজ। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্মৃতিচারণ পর্ব। এ পর্বে নিজেদের শিক্ষাজীবনের মধুর স্মৃতি, বন্ধুদের সঙ্গে কাটানো আনন্দময় মুহূর্ত এবং জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন ইসকান্দর হোসেন সুমন, আহমদ রেজা, আরাফাতুল ইসলাম, নুরুল আবছার, আবু বকর, মো. মোদাচ্ছেরুল হক ও শাহেদুল হক।
স্মৃতিচারণ করতে গিয়ে অনেকের কণ্ঠেই ফুটে ওঠে আবেগ, ভালোবাসা ও হারানো দিনের নস্টালজিয়া। কেউ ফিরে যান মাদ্রাসার শ্রেণিকক্ষের দিনগুলোতে, কেউবা স্মরণ করেন সহপাঠীদের সঙ্গে কাটানো দুষ্টুমি, আনন্দ আর বন্ধুত্বের অমলিন মুহূর্ত। যেন এক সন্ধ্যার জন্য সবাই ফিরে পেয়েছিলেন জীবনের ফেলে আসা সোনালি সময়।পুনর্মিলনীতে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুলতান মহিউদ্দিন জনি, হাবিব রেজা দেলোয়ার, মোহাম্মদ আবদুল কাইয়ুম, খন্দকার জামাল, ইমাম হোসেন ইকবাল, কাজী মিসবাহ উদ্দিন, কামরুল হাসান এলিন, আহমদ নবী, জাহেদ হাসান, এরশাদুল হাসান রুবেল, আবদুল হামিদ, হাফেজ নিজাম, কাজী জিয়াউর রহমান, মীর আহমদ, মো. মহিউদ্দিন, ইয়াসিন হাসনাত, সোহেল, হাফেজ আবুল হাশেম, হারেস উদ্দিন, বাহার উদ্দিন, আবদুল মালেক, আবুল হাসান, ফারুক আহমেদ, হাবিব মিয়াজী, বেলাল উদ্দিন ও মাওলানা এস এম শফিউল আলমসহ দুই ব্যাচের সাবেক শিক্ষার্থীরা।
দুই দিনের এ আয়োজন শুধু একটি পুনর্মিলনীই ছিল না; বরং পুরোনো বন্ধুত্বকে নতুন করে জাগিয়ে তোলা, পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার এক অনন্য উপলক্ষ হয়ে ওঠে।
আনন্দ, আবেগ, হাসি আর অসংখ্য স্মৃতির ঝাঁপি সঙ্গে নিয়ে ১৪ নভেম্বর রাতে বন্ধুরা চট্টগ্রামে ফিরে আসেন। তবে কক্সবাজারের সেই মিলনমেলার মুহূর্তগুলো নিশ্চয়ই সবার হৃদয়ে দীর্ঘদিন অমলিন হয়ে থাকবে। সময়ের স্রোতে জীবন এগিয়ে যায়, বদলে যায় পরিচিত মুখ ও ব্যস্ততা; কিন্তু প্রকৃত বন্ধুত্ব কখনো পুরোনো হয় না। জামেয়ার দাখিল ২০০২ ও কামিল ২০০৮ ব্যাচের এই পুনর্মিলনী যেন সেই চিরন্তন বন্ধুত্বেরই এক সুন্দর স্মারক হয়ে রইল।
