পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় দুই দিনে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার (১৫ নভেম্বর) বিকেল ও রাতে দুটি দুর্ঘটনায় এক বৃদ্ধ ও এক যুবক নিহত হন। পরদিন সোমবার (১৬ নভেম্বর) সকালে কুসুমপুরা এলাকায় ঈগল পরিবহনের বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আরও একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ধারাবাহিক এসব দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে পটিয়া পৌরসভার উপজেলা ভূমি অফিসসংলগ্ন শ্যামলী কাউন্টারের সামনে বাসচাপায় মোহাম্মদ আবুল কালাম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হন। তিনি দক্ষিণ গোবিন্দারখীল এলাকার মৃত আবদুর রশিদের ছেলে। শারীরিক প্রতিবন্ধী আবুল কালাম সড়কের পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় একটি চলন্ত বাস তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়।একই দিন রাত ৯টার দিকে উপজেলার কালারপুল এলাকায় কভার ট্রাকের ধাক্কায় মো. জুয়েব (২০) নামে এক যুবক নিহত হন। রাস্তার পাশে অবস্থানকালে পেছন থেকে আসা একটি কভার ট্রাক তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টা ২ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ১৬ নভেম্বর সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের বোর্ড অফিস এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত হন। এ ঘটনায় ফারেজ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি লোহাগাড়া উপজেলার জাহাঙ্গীর আলমের ছেলে। দুর্ঘটনায় আরও একজন গুরুত্বর আহত হয়েছে। একই সড়কে একের পর এক দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাঁদের অভিযোগ, মহাসড়কে বেপরোয়া যান চলাচল ও গতি নিয়ন্ত্রণে যথাযথ নজরদারি না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তাঁরা দুর্ঘটনাপ্রবণ এলাকায় নিরাপত্তা জোরদার, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং দায়ী চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
