বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় একের পর এক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। আধিপত্য বিস্তার, স্থানীয় বিরোধ, পূর্বশত্রুতা, পারিবারিক দ্বন্দ্ব ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত কয়েক মাসে উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি বড় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত একজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান।
একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটলেও এসব বিরোধের স্থায়ী সমাধান এবং সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের প্রশ্ন, ছোটখাটো বিরোধ বড় সংঘর্ষে রূপ নেওয়ার আগেই কেন কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? কেন বারবার একই ধরনের সহিংসতার ঘটনা ঘটছে?
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ আগস্ট থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বিজয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় সংঘটিত উল্লেখযোগ্য সংঘর্ষের ঘটনাগুলো হলো—
জালালপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ২০
সর্বশেষ ১৬ নভেম্বর সোমবার উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাবুল গ্রুপ ও আরজু গ্রুপের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এ সময় চার থেকে পাঁচটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
ইছাপুরায় দুই সাবেক চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ
এর আগে ১১ নভেম্বর বুধবার উপজেলার ইছাপুরা গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে সাবেক দুই ইউপি চেয়ারম্যানের সমর্থক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন। সংঘর্ষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালান বলে জানা গেছে।
বিজয়নগর সদর এলাকায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ
৩১ অক্টোবর উপজেলার সদর এলাকায় পাঁচ বছরের পুরোনো বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এ সময় বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। দীর্ঘদিনের বিরোধের জেরে এমন সহিংস ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কাশিনগরে বিয়ের প্রস্তাব ঘিরে সংঘর্ষ
২৭ অক্টোবর সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাবে সম্মতি না দেওয়ায় রাতের আঁধারে দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। এ সময় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
ইছাপুরায় টানা দুই দিনের সংঘর্ষ
২৬ ও ২৭ সেপ্টেম্বর উপজেলার ইছাপুরা ইউনিয়নের স্থানীয় বাজারে কথা-কাটাকাটি ও পূর্ববিরোধের জেরে সাবেক চেয়ারম্যান আক্তার ও বকুলের সমর্থক গোষ্ঠীর মধ্যে টানা দুই দিন সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষের সময় বিভিন্ন বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
বাঁশদিয়ায় সংঘর্ষে প্রাণ গেল একজনের
গত ১ আগস্ট হরষপুর ইউনিয়নের বাঁশদিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হামদু মিয়া (৫৩) নামে এক ব্যক্তি নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন। এ ঘটনা পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
সংঘর্ষের কারণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ
এসব ঘটনা পর্যালোচনায় দেখা যায়, অধিকাংশ সংঘর্ষের পেছনে রয়েছে স্থানীয় আধিপত্য বিস্তার, সাবেক জনপ্রতিনিধিদের সমর্থক গোষ্ঠীর দ্বন্দ্ব, দীর্ঘদিনের শত্রুতা ও সামাজিক বিরোধ। কোনো কোনো ক্ষেত্রে সামান্য কথা-কাটাকাটি কিংবা পারিবারিক বিষয়ও বড় ধরনের সংঘর্ষে রূপ নিচ্ছে।
বিশেষ করে একই এলাকায় বারবার বিরোধের জেরে সংঘর্ষ, বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সংঘর্ষের আশঙ্কা থাকা সত্ত্বেও আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা কতটা নেওয়া হচ্ছে, বিরোধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে কি না—এসব বিষয় সামনে আসছে।
স্থানীয় সচেতন মহলের মতে, শুধু সংঘর্ষের পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেই দায়িত্ব শেষ হয় না। বিরোধের কারণ চিহ্নিত করা, উভয় পক্ষের সঙ্গে আলোচনা, অপরাধপ্রবণ ব্যক্তিদের নজরদারিতে রাখা এবং অপরাধীদের বিরুদ্ধে নিরপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় একের পর এক সংঘর্ষে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।
যা বলছে পুলিশ
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ মুঠোফোনে প্রতিবেদককে বলেন, “গোষ্ঠীগত এসব দাঙ্গা ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘদিনের পুরোনো সমস্যা। তবে আমরা যখনই এসব সংঘর্ষের খবর পাই, সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি। পাশাপাশি মামলার প্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।”
তিনি আরও বলেন, “আমাদের জনবল সীমিত। গোষ্ঠীগত সংঘর্ষের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং থানায় আসা সাধারণ মানুষকে সেবা দেওয়াসহ বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়। আমরা চাই, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ এসব গোষ্ঠীগত দাঙ্গা থেকে বেরিয়ে আসবেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন।”
সব মিলিয়ে গত কয়েক মাসে বিজয়নগরের ছয়টি বড় সংঘর্ষের ঘটনায় অন্তত একজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, প্রশাসন এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনবে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক নেতৃত্ব ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে দীর্ঘদিনের গোষ্ঠীগত বিরোধের স্থায়ী সমাধান হবে এবং ভবিষ্যতে সংঘর্ষ ও প্রাণহানি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
