বৃহস্পতিবার | নভেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মাধবপুরে বন্ধুর বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

মাধবপুরে বন্ধুর বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

লিটন পাঠান, হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে বন্ধুর বাড়ি থেকে ফয়সাল মিয়া (২৬) নামে বিজয়নগর উপজেলার এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮-নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ৩নং বহরা ইউনিয়নের হাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত ৩টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ফয়সাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের আবু সাঈদের ছেলে। নিহতের বন্ধুর নাম জিয়া উদ্দিন। জিয়া উদ্দিন হবিগঞ্জে মাধবপুর উপজেলা বহরা ইউনিয়নের হাশিমপুর গ্রামের হারিজ মিয়ার ছেলে।

নিহতের বড় ভাই মফিজ মিয়া জানান, জিয়া উদ্দিনের মা তার ছোট ছেলেকে দিয়া খবর দেন। পরে তারা জিয়া উদ্দিনের বাড়িতে গেলে তার মা ঘরের তালা খুলে দেন। ঘরে প্রবেশ করে তারা ফয়সালের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ ঘটনার পর থেকে জিয়া উদ্দিনের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে দাবি করেন তিনি। মফিজ মিয়া আরও অভিযোগ করেন, জিয়া উদ্দিনের কাছে তার ভাইয়ের প্রায় দুই লাখ টাকা পাওনা ছিল। ওই টাকা চাইতে গেলে জিয়া উদ্দিনকে মেরে ফেলার হুমকি দেয়া হতো। পাওনা টাকার বিরোধের জেরে তার ভাইকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি দাবি করেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, নিহতের বন্ধুর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাকে হত্যার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা