মো : মাহাবুবুর রহমান, ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার প্রধান ফটকের সামনে গভীর রাতে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১২টার দিকে দুর্বৃত্তরা থানার সামনে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায় এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে হঠাৎ বিকট শব্দে ককটেল দুটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এই বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে গত ৯ নভেম্বর রাতেও দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। থানার মতো গুরুত্বপূর্ণ ও নিরাপত্তাবেষ্টিত স্থানে অল্প ব্যবধানে আবারও এমন হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, মূলত জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
