স্টাফ রিপোর্টার : ১৯ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লক্ষ সদস্য ও তাদের পরিবারের আর্থসামাজিক উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিতের লক্ষ্যে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে মাসব্যাপী ‘সেবা মাস-২০২৬’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে বাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক ও ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
১৯ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী এ কর্মসূচি পালিত হবে। এ উপলক্ষ্যে ব্যাংকের সব শাখায় গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ, আমানত ও ঋণসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, শেয়ার-সংক্রান্ত তথ্য হালনাগাদ, ডিজিটাল ব্যাংকিং সেবার সম্প্রসারণ এবং গ্রাহকদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বাহিনীর প্রান্তিক পর্যায়ের সদস্যদের ব্যাংকিং সেবার আওতায় এনে তাঁদের সঙ্গে ব্যাংকের আর্থিক সংযোগ আরও সুদৃঢ় করার কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক একটি বিশেষায়িত রাষ্ট্রায়ত্ত ব্যাংক, যার মূল প্রাণশক্তি ও ঋণের প্রধান অংশীদার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লক্ষ সদস্য। অতীতে সদস্যদের সঙ্গে ব্যাংকের যে দূরত্ব তৈরি হয়েছিল, ‘সেবা মাস’-এর মাধ্যমে সেই ব্যবধান দূর করে প্রান্তিক পর্যায়ের সদস্য ও তাদের পরিবারের আর্থসামাজিক উন্নয়ন এবং জীবনমান পরিবর্তনে ব্যাংককে সরাসরি সেতুবন্ধন হিসেবে কাজ করতে হবে। এ লক্ষ্যে ব্যাংকের কার্যক্রমকে আরও বেশি সদস্যকেন্দ্রিক করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
ব্যাংকের সেবার আধুনিকায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে মহাপরিচালক বলেন, ডিজিটাল রূপান্তরের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যে কোর ব্যাংকিং সিস্টেমের (CBS) ৬০ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে পূর্ণাঙ্গ CBS কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর ফলে অঙ্গীভূত ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের বেতন-ভাতা এবং আভি-কারুপণ্যের বাংলা কিউআর পেমেন্ট অন্য ব্যাংকের পরিবর্তে সম্পূর্ণ নিজস্ব ব্যাংকের মাধ্যমে পরিচালিত হবে।
প্রাতিষ্ঠানিক সংস্কার, দক্ষ মানবসম্পদ ও সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দক্ষ মানবসম্পদ ও সুশাসন ছাড়া কোনো প্রতিষ্ঠান এগিয়ে যেতে পারে না। তাই ব্যাংকের এইচআর পলিসি সংস্কারের পাশাপাশি দীর্ঘদিনের অনিয়ম ও ভুয়া সনদধারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে পেনশনভোগীসহ জড়িতদের পেনশন স্থগিত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন থেকে কোনো অনিয়ম বা আন্তঃকলহের সুযোগ থাকবে না। কেবল মেধা ও দক্ষতার ভিত্তিতেই পদোন্নতি ও প্রণোদনা নিশ্চিত করা হবে।
সদস্যদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ‘সঞ্জীবন’ প্রকল্পের গুরুত্ব তুলে ধরে মহাপরিচালক বলেন, ১ লক্ষ সদস্যকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে এ প্রকল্পের আওতায় মাত্র ৮ শতাংশ সুদে দলগত ও উৎপাদনমুখী ঋণ কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। পূর্বে যেসব ব্যাটালিয়ন আনসার সদস্য এ ঋণের আওতার বাইরে ছিলেন, পাইলটিংয়ের মাধ্যমে তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। ঋণ কার্যক্রমের ঝুঁকি ব্যবস্থাপনায় ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে শেয়ার রিজার্ভের ব্যবস্থাও রাখা হয়েছে।
সদস্যদের জন্য সমন্বিত আর্থিক ও কল্যাণমূলক সেবা নিশ্চিত করার বিষয়ে মহাপরিচালক উল্লেখ করেন, ডাটাবেজ ও ইআরপি নিবন্ধনের মাধ্যমে একজন সদস্য বাহিনীতে যুক্ত হওয়ার পর থেকেই ব্যাংকের শেয়ার এবং ওয়েলফেয়ার ট্রাস্টের বহুমুখী সেবা একই ছাতার নিচে পাচ্ছেন। এসব সেবার মধ্যে রয়েছে দক্ষতা উন্নয়ন, জাপানসহ বিদেশে নিরাপদ কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ এবং চাকরিজীবীদের জন্য সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা পর্যন্ত ‘সমৃদ্ধি ঋণ’। রেমিট্যান্স ও ওয়েলফেয়ার ট্রাস্টের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে সদস্যদের নিরাপদ ভবিষ্যৎ ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা হচ্ছে।
উল্লেখ্য, ‘সেবা মাস-২০২৬’ উদ্বোধন উপলক্ষে ব্যাংকের সেবার পরিধি সম্প্রসারণ এবং বাহিনীর সদস্যদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমুখী কার্যক্রমের সূচনা করা হয়। এর মধ্যে রয়েছে ‘সঞ্জীবন প্রকল্প’-এর আওতায় সদস্যদের মধ্যে শেয়ার বণ্টন, কলেজ পর্যায়ে ভিডিপি প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় শেয়ার বিক্রয় কার্যক্রমের সার্টিফিকেট বিতরণ, সঞ্জীবন ঋণ বিতরণ এবং বৈদেশিক কর্মসংস্থান ঋণ কার্যক্রমের উদ্বোধন। সদস্যদের আর্থিক স্বাবলম্বিতা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেতাগী, বরগুনায় ‘বেতাগী সঞ্জীবন প্রকল্প’-এর আওতায় ৩২ সদস্যের একটি দলকে ৮ লাখ টাকা, চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়ন এর ৪১ সদস্যের ‘পরিবার স্বনির্ভর সঞ্জীবন প্রকল্প’-এর আওতায় ৮ লাখ ২০ হাজার টাকা এবং ময়মনসিংহের তারাকান্দা এলাকার জাপানে চাকরির সুযোগ পাওয়া আনসার-ভিডিপির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্য হোসনে মোকাম্মেল জিহাদকে বৈদেশিক কর্মসহায়ক ঋণ হিসেবে ৩ লাখ টাকা প্রদান করা হয়। এসব উদ্যোগের মাধ্যমে সদস্যদের আর্থিক অংশগ্রহণ বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনমুখী বিনিয়োগ এবং বিদেশে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের নতুন সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনসহ বাহিনী ও ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
