রবিবার | নভেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে পিরোজপুরে কৃষিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে পিরোজপুরে কৃষিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

এস,এম সিপার, পিরোজপুর প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে পিরোজপুরে টানা তিন দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। এতে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক, জেলে, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শীতকালীন সবজি, বীজতলা ও আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

গত বুধবার (১৮ নভেম্বর) থেকে পিরোজপুরে থেমে থেমে বৃষ্টিপাত শুরু হয়। তবে শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টিপাত। টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। ব্যাহত হচ্ছে মানুষের দৈনন্দিন কাজকর্ম। বৃষ্টির কারণে কর্মহীন হয়ে পড়েছেন অনেক দিনমজুর। বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরাও।

জেলার নাজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, টানা বৃষ্টিতে কৃষিজমিতে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে নিচু জমিতে চাষ করা শীতকালীন বিভিন্ন ধরনের সবজি ও নতুন বোনা বীজতলার ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কোথাও বীজতলা পানিতে তলিয়ে গেছে, আবার কোথাও বৃষ্টির পানি ও বাতাসে পাকা-আধাপাকা আমন ধান মাটিতে হেলে পড়েছে।

শুধু বীজতলা ও আমন ধান নয়, টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে শীতকালীন সবজির আবাদও। জমিতে পানি জমে তলিয়ে গেছে বিভিন্ন ধরনের সবজির ক্ষেত। লাউ, টমেটো, লালশাক, পুঁইশাক ও পাতাকপিসহ নানা ধরনের সবজি চাষ করে বিপাকে পড়েছেন কৃষকরা।

অন্যদিকে, বাতাস ও বৃষ্টিতে মাঠের পাকা ও আধাপাকা আমন ধান মাটিতে হেলে পড়েছে। এতে ধানের ফলন কমে যাওয়ার পাশাপাশি চিটা হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। উৎপাদন খরচের তুলনায় এবার কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার শঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন তারা।

কৃষকদের আশঙ্কা, বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষ করে নিচু এলাকার কৃষিজমিতে দীর্ঘ সময় পানি জমে থাকলে শীতকালীন সবজি ও বীজতলা পুরোপুরি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে চলতি মৌসুমে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়বেন প্রান্তিক কৃষকরা। এদিকে, টানা বৃষ্টিতে আমন ধান ও শাকসবজির ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন উপজেলা কৃষি বিভাগ।

নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেসা এসা বলেন, “টানা বৃষ্টিতে আমাদের আমন ধান ও শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমান নিরূপণ করা সম্ভব হয়নি। বৃষ্টি কমে গেলে মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে।”

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা