লিটন পাঠান, হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে মাদক ব্যবসায়ী স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে ঘুমন্ত স্বামীর মাথা ও মুখমণ্ডলে পাথরের শিল দিয়ে আঘাত করার ঘটনায় আদালতে জবানবন্দি দিয়েছেন স্ত্রী মমতা বেগম (২৫)। শনিবার (২১ নভেম্বর) বিকেলে হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস শনিবার বিকেলে মমতা বেগমকে হবিগঞ্জের প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না রহমান তানিয়ার আদালতে হাজির করেন। আদালতে দেওয়া জবানবন্দিতে মমতা বেগম জানান, বিয়ের পর থেকেই স্বামী মামুন মিয়া (৩২) তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। প্রতিবাদ করলে নির্যাতনের মাত্রা আরও বেড়ে যেত। এমনকি তাদের শিশু সন্তানকেও হত্যার হুমকি দেওয়া হতো। স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন।
জবানবন্দিতে তিনি আরও জানান, ঘটনার দিন স্বামী ঘুমিয়ে পড়লে পাথরের শিল দিয়ে তার মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে ৪টি আঘাত করেন। এরপর বাড়ি থেকে পালিয়ে যান। গত বুধবার (১৮-নভেম্বর) ভোররাতে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (২০-নভেম্বর)২০২৬ দুপুরে এক আত্মীয়ের বাড়ি থেকে মমতা বেগমকে আটক করে পুলিশ।
আহত মামুন মিয়া ওই গ্রামের কাউছার আহমেদের ছেলে। তার স্ত্রী মমতা বেগম উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। মামুনের পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে ঘটনার দিন স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর তিনি ঘুমিয়ে পড়লে মমতা পাথরের শিল দিয়ে তার মাথার পেছনে ও মুখমণ্ডলে উপর্যুপরি আঘাত করেন।
গুরুতর আহত মামুনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার। প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মামুন ও মমতার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মমতা বেগম আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
