রবিবার | নভেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ রাজনীতি বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন

বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন

নরসিংদী প্রতিনিধিঃ যারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন তাদের আর কোনদিন বাংলাদেশে ফিরে আসার সুযোগ নাই উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি বলেছেন, বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না।

তিনি রোববার (২২ নভেম্বর) বিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে নরসিংদী শহরে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন।

নরসিংদী সদর উপজেলা বিএনপির উদ্যোগে পৌরসভা প্রাঙ্গন থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের শিক্ষা চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এসময় খায়রুল কবির খোকন আরও বলেন, জনগণ আমাদের পক্ষে রায় দিয়েছে, ওদের আর ভয় পাওয়ার কোন কারণ নেই। যে দল মানবতা বিরোধী অপরাধের কারণে নিষিদ্ধ হয়েছে, সে দল বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ পাবে না। বিচ্ছিন্নভাবে চোরাগোপ্তা যেসব হামলা তারা করছে, জণগণকে সাথে নিয়ে তাদের প্রতিরোধ করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখব। কোন চক্রান্ত ষড়যন্ত্র করে দেশের স্থিতিশীলতাকে নষ্ট করতে পারবে না।

তিনি আরও বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়া এই অপশক্তি বিদেশে বসে উস্কানি দিয়ে দেশে নৈরাজ্য, অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। সারাদেশ থেকে ভাড়া করা দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের এনে গোপালগঞ্জে তাণ্ডব চালানো হয়েছে। দুষ্কৃতকারীরা টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে। এছাড়াও গত নির্বাচনে গোপালগঞ্জ থেকে বিপুল ভোটে বিজয়ী বিএনপির দুই সংসদ সদস্য—জিলানি এবং সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। তারা নড়াইলে আমাদের দলের দুজন এবং ফরিদপুরে একজন কর্মীকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। এখনো তারা সারা দেশে বিচ্ছিন্নভাবে চোরাগুপ্তা হামলা, ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগ করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে।

খায়রুল কবির খোকন বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই-সংগ্রাম, জেল-জুলুম সহ্য করেও বিএনপি আপস করেনি কিংবা দেশ ছেড়ে পালিয়ে যায়নি। গণঅভ্যুত্থানে যে সরকারের পতন হয়েছে, যে দল নিষিদ্ধ হয়েছে এবং যার প্রধান মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় রয়েছেন তারা নতুন করে চক্রান্ত চালাচ্ছে। কিন্তু দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের প্রতিরোধ করছে।

এসময় জেলা বিএনপি সহ সভাপতি এম এ জলিল, বিজি রশিদ নওশের, এ কে এম গোলাম কবির কামাল,হারুন অর রশিদ আামনুল হক বাচ্চু,মাজহারুল হক টিটু,ইলিয়াস আলী ভূঁইয়া, সিদ্দিকুর রহমান নাহিদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা