সোমবার | নভেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশখুলনা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃষিপণ্যের দামে চরম মূল্যবৈষম্য: কৃষক সর্বস্বান্ত, ভোক্তা বিপাকে

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃষিপণ্যের দামে চরম মূল্যবৈষম্য: কৃষক সর্বস্বান্ত, ভোক্তা বিপাকে

উৎপাদন করেও লাভের মুখ দেখছেন না কৃষক # লাভের গুড় খাচ্ছে সিন্ডিকেট # হিমশিম খাচ্ছেন কৃষক ও ভোক্তা উভয়েই # প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি

বি এম রাকিব হাসান, খুলনা: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষিপণ্যের বাজারে উৎপাদক ও ভোক্তার মধ্যে দামের বিশাল ব্যবধান ক্রমেই প্রকট হয়ে উঠছে। মাঠপর্যায়ে হাড়ভাঙা পরিশ্রম করে উৎপাদিত সবজি, ফলমূল ও অন্যান্য কৃষিপণ্য কৃষক বিক্রি করছেন নামমাত্র দামে। অথচ সেই একই পণ্য কয়েক হাত ঘুরে শহরের খুচরা বাজারে পৌঁছাতে পৌঁছাতে দাম বেড়ে যাচ্ছে তিন থেকে চার গুণ পর্যন্ত। এতে একদিকে উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন কৃষক, অন্যদিকে বাড়তি দামে পণ্য কিনতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ ভোক্তারা।

খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন এলাকায় এ চিত্র বিশেষভাবে আলোচনায় আসছে। কৃষক ও ভোক্তার মাঝখানে একাধিক স্তরের পাইকার, ফড়িয়া, আড়তদার ও মধ্যস্বত্বভোগীর উপস্থিতি এবং বাজার ব্যবস্থাপনায় কার্যকর তদারকির অভাবকে এ মূল্যবৈষম্যের অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

কৃষকের অভিযোগ, বীজ, সার, কীটনাশক, সেচ, শ্রমিকের মজুরি ও পরিবহন ব্যয় প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত হচ্ছে না। অনেক ক্ষেত্রে ফসল তোলার পর দ্রুত বিক্রি করতে না পারলে পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় কৃষক বাধ্য হয়ে স্থানীয় বাজারে কম দামে পণ্য বিক্রি করেন। এই সুযোগ কাজে লাগিয়ে মধ্যস্বত্বভোগীদের একটি অংশ কম দামে পণ্য সংগ্রহ করে পরবর্তী বাজারে বেশি দামে বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে।

কৃষিপণ্য উৎপাদন থেকে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত দীর্ঘ বিপণন ব্যবস্থার প্রতিটি ধাপে যুক্ত হচ্ছে নতুন খরচ ও মুনাফা। মাঠপর্যায়ে কৃষকের কাছ থেকে ফড়িয়ারা পণ্য সংগ্রহ করেন। পরে তা স্থানীয় আড়ত, পাইকারি বাজার, পরিবহনকারী ও খুচরা বিক্রেতার হাত ঘুরে ভোক্তার কাছে পৌঁছায়। প্রতিটি স্তরে দাম বাড়লেও সেই বাড়তি অর্থের সামান্য অংশও অনেক ক্ষেত্রে উৎপাদনকারী কৃষকের কাছে পৌঁছায় না।

বাজার সংশ্লিষ্টদের মতে, পরিবহন, শ্রম, প্যাকেজিং, সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনার যৌক্তিক ব্যয় পণ্যের দামে প্রভাব ফেলে। তবে এসব ব্যয়ের বাইরে অস্বাভাবিক মুনাফা, অসাধু প্রতিযোগিতা এবং বাজার নিয়ন্ত্রণের দুর্বলতা থাকলে মূল্যবৈষম্য আরও বাড়ে। কোথাও কোথাও একই পণ্যের পাইকারি ও খুচরা দামের ব্যবধান এত বেশি হয়ে উঠছে যে সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে।

সূত্রমতে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে কৃষির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সারা বছর বিভিন্ন ধরনের সবজি, ধান, ফলমূল ও অর্থকরী ফসল উৎপাদিত হয়। বিশেষ করে যশোর, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের বিভিন্ন এলাকায় কৃষিপণ্য উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িয়ে রয়েছে বিপুলসংখ্যক কৃষক ও শ্রমজীবী মানুষ। কিন্তু উৎপাদন বাড়লেও কৃষকের আয় সেই অনুপাতে বাড়ছে না। অনেক সময় মৌসুমে একই ধরনের পণ্যের সরবরাহ বেড়ে গেলে স্থানীয় বাজারে দাম দ্রুত কমে যায়। তখন কৃষক উৎপাদন খরচের চেয়েও কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হন। অন্যদিকে শহরের বাজারে একই পণ্যের দাম তুলনামূলক বেশি থাকলেও তার সুফল কৃষক পান না।

কৃষক ও সাধারণ ভোক্তার এই ব্যবধানের সুযোগ নিচ্ছে এক শ্রেণির অসাধু মধ্যস্বত্বভোগী বা ফড়িয়া চক্র। মাঠপর্যায় থেকে বিভিন্ন হাত ঘুরে পণ্য যখন ভোক্তার থলেতে আসে, তখন প্রতিটি স্তরে অযৌক্তিক কমিশন ও মুনাফা যোগ হয়। ফলে যে বেগুন বা পটল কৃষককে বিক্রি করতে হয় পানির দরে, তা চড়া দামে কিনতে হয় সাধারণ ক্রেতাকে। এই চক্রের কারসাজিতে কৃষকরা যেমন পুঁজি হারিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন, তেমনি উচ্চমূল্যের বাজারে দিশাহারা হয়ে পড়েছেন সাধারণ ভোক্তারাও।

খুলনা জেলা ক্যাবের সহ-সভাপতি ও ভোক্তা অধিকার কর্মী এডভোকেট কুদরত-ই-ক্ষুদা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষি ও মৎস্য উৎপাদন অঞ্চল। পরিকল্পিত বাজারব্যবস্থা, আধুনিক সংরক্ষণ সুবিধা এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের সম্প্রসারণ ঘটানো গেলে এ অঞ্চল কৃষিভিত্তিক অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে। কিন্তু উৎপাদনকারী কৃষক যদি ন্যায্য মূল্য না পান এবং ভোক্তাকে অতিরিক্ত দামে পণ্য কিনতে হয়, তাহলে কৃষি অর্থনীতির টেকসই বিকাশ বাধাগ্রস্ত হবে। তিনি আরো বলেন, কৃষক ও ভোক্তার স্বার্থ রক্ষায় এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। মধ্যস্বত্বভোগীদের অযৌক্তিক প্রভাব নিয়ন্ত্রণ, বাজার তদারকি জোরদার, সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন এবং কৃষকের সরাসরি বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘কৃষি অর্থনীতি’ বিভাগের শিক্ষক ও বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ মোঃ জহুরুল ইসলাম বলেন, মূল্যবৈষম্যের এই দুষ্টচক্র চলতে থাকলে কৃষিপণ্য উৎপাদনে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে। এক দিকে উৎপাদন খরচ তুলতে না পেরে কৃষকরা চাষাবাদ থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছেন, অন্য দিকে নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় নির্বাহ করা অসম্ভব হয়ে পড়ছে। তিনি আরো বলেন, কৃষিপণ্যের মূল্যবৈষম্য কমাতে উৎপাদক ও ভোক্তার মধ্যে মধ্যবর্তী স্তর কমিয়ে আনা প্রয়োজন। এ জন্য কৃষক সমবায়, উৎপাদক সংগঠন, সরাসরি কৃষিপণ্য বিক্রয়কেন্দ্র এবং ডিজিটাল বাজারব্যবস্থা গড়ে তোলা যেতে পারে। পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ে আধুনিক সংরক্ষণাগার, হিমাগার, প্যাকেজিং ও প্রক্রিয়াজাতকরণ সুবিধা বাড়াতে হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা