ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা ১০১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ধোবাউড়া উপজেলার ১ নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভেদিকুড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নির্দেশনায় এসআই হারুন ও কনস্টেবল মোতাহারের নেতৃত্বে পুলিশের একটি দল গ্রামের আব্দুল খালেকের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির আঙিনায় মাটির নিচে পুঁতে রাখা ১০১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আব্দুল খালেকের দুই ছেলে মোঃ আজিজুল (৩৩) ও মোঃ হবিকুল (৩২)-কে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই ভাইয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নেই। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক চোরাচালান ও সংরক্ষণের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করেছে পুলিশ।
