মঙ্গলবার | নভেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোটসহ ১০১ জেলে আটক

সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোটসহ ১০১ জেলে আটক

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ২৮টি ট্রলিং জাল ও ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি জানান, গত সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টায় সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্র এলাকায় অপারেশন ‘কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকা থেকে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

পরবর্তী সময়ে বোটগুলোতে তল্লাশি চালিয়ে ২৮টি ট্রলিং জাল, ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছসহ ১০১ জন জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা ট্রলিং বোট, জাল, সামুদ্রিক মাছ ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরও বলেন, সামুদ্রিক মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা