বৃহস্পতিবার | নভেম্বর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মহেশপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন

মহেশপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন

মেহেদী হাসান সিরাজী, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: “রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মহেশপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে এম আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা। এ সময় উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টির চাহিদা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং গবাদিপশুর রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ ও রপ্তানিমুখী করতে সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

উল্লেখ্য, ২৬ থেকে ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মহেশপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা