বৃহস্পতিবার | নভেম্বর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বিজয়নগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বিজয়নগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মো.কেফাইতুল ভুঁইয়া, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: স্বনির্ভরশীল প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. বেলাল হোসেন, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক জমির হোসেন দস্তগীর, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজিব চন্দ্র সরকার, বিজয়নগর মডেল প্রেসক্লাবের সভাপতি মাইনুদ্দীন রুবেল, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ইয়াসির আরাফাতসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় খামারিরা।

আলোচনা সভায় নিজের খামারের সফলতার গল্প তুলে ধরে পাহাড়পুর ইউনিয়নের মাধবেরবাগ এলাকার খামারি মো. নজরুল ইসলাম বলেন, ‘আমার মাত্র দুটি গরু দিয়ে খামার শুরু করেছিলাম। বর্তমানে আমার খামারে ৪৭টি গরু রয়েছে। প্রতিদিন আমার খামারে প্রায় ২০০ লিটার দুধ উৎপাদন হয়। সেই দুধ দিয়ে নিজের মিষ্টির দোকানে খাঁটি গরুর দুধের মিষ্টি তৈরি করি।’

তিনি আরও বলেন, ‘খামারে কোনো রোগবালাই বা সমস্যা দেখা দিলে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে যোগাযোগ করি। তারা দ্রুত খামারে এসে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। এ জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রতি আমি কৃতজ্ঞ।’

এ সময় উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা তাঁদের খামারের সফলতার পাশাপাশি নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল বলেন, ‘বিজয়নগর উপজেলায় জনবল সংকট রয়েছে। তারপরও সীমিত জনবল নিয়ে আমরা পুরো উপজেলায় খামারিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং তাঁদের সমস্যার কথা শুনে সমাধানের চেষ্টা করছি। নতুন খামারিদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা যথাসময়ে তাঁদের কাছে পৌঁছে দিতে কাজ করছি।’

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, ‘যাঁরা নতুন করে খামার গড়ে তুলতে চান, তাঁরা প্রথমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন। সংশ্লিষ্ট দপ্তরের পরামর্শ ও সহযোগিতা নিয়ে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে খামার গড়ে তুললে লাভবান হওয়ার সম্ভাবনা বাড়বে। অন্যথায় প্রয়োজনীয় জ্ঞান ও প্রস্তুতির অভাবে ঝুঁকিতে পড়তে পারেন।’

তিনি আরও বলেন, ‘নতুন উদ্যোক্তাদের জন্য সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা রেখেছে। এসব সুযোগ কাজে লাগাতে হবে। পাশাপাশি সরকারিভাবে প্রতিষ্ঠিত প্রশিক্ষণকেন্দ্র থেকে উন্নত প্রশিক্ষণ নিয়ে পরিকল্পিতভাবে খামার গড়ে তোলার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।’

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা