এইচ এন আলম কক্সবাজার : দীর্ঘ ৩১ দিনের উৎকণ্ঠা ও কারিগরি প্রচেষ্টার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভূগর্ভ থেকে বেরিয়ে আসা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বিশেষ পদ্ধতিতে কেসিং পাইপ স্থাপন করে গ্যাসের অনিয়ন্ত্রিত নির্গমন বন্ধ করা হয়। এতে আপাতত স্বস্তি ফিরেছে স্থানীয় এলাকায়।
বাপেক্স সূত্র জানায়, ৩০ ইঞ্চি ব্যাসের কেসিং পাইপ স্থাপনের মাধ্যমে ভূ-পৃষ্ঠের বিভিন্ন স্থান দিয়ে বেরিয়ে আসা গ্যাসকে একটি নির্দিষ্ট পথে প্রবাহিত করা হয়েছে। কেসিংয়ের সঙ্গে সংযুক্ত ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাস নিরাপদ পথে বের করে দেওয়ার ব্যবস্থা করায় আগুন নিয়ন্ত্রণের কাজ সফল হয়।
তবে আগুন নিয়ন্ত্রণে এলেও ভূগর্ভস্থ গ্যাসের চাপ পুরোপুরি নিয়ন্ত্রণে আনার কাজ এখনো বাকি। এ লক্ষ্যে পরবর্তী ধাপে নলকূপের ভেতরে ড্রিল পাইপ প্রবেশ করিয়ে এক হাজার ফুট গভীর পর্যন্ত খননের প্রস্তুতি নিচ্ছে বাপেক্স। এ সময় বিশেষ ধরনের তরল মিশ্রণ বা ড্রিলিং মাড ব্যবহার করা হবে, যাতে ভূগর্ভস্থ গ্যাসের চাপের ভারসাম্য বজায় রাখা যায় এবং অনিয়ন্ত্রিত গ্যাস নির্গমনের ঝুঁকি কমানো সম্ভব হয়।
খনন কার্যক্রম শেষে এলাকায় ভূতাত্ত্বিক ও ভূকম্পন জরিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে। এসব জরিপের তথ্য বিশ্লেষণ করে সেখানে প্রাকৃতিক গ্যাসের প্রকৃত অবস্থান, মজুতের সম্ভাবনা এবং বাণিজ্যিকভাবে উত্তোলনের সুযোগ রয়েছে কি না, তা মূল্যায়ন করা হবে।
গত ২৭ অক্টোবর উখিয়ার ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের জন্য খননকাজ চালানোর সময় হঠাৎ ভূগর্ভ থেকে গ্যাস বের হতে শুরু করে।
একপর্যায়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে টানা ৩১ দিন ধরে সেখানে আগুন জ্বলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাপেক্সের কারিগরি দল কয়েক দফায় কাজ চালায়।
দীর্ঘ সময় ধরে গ্যাস নির্গমন ও আগুন জ্বলার ঘটনায় ইনানীতে ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের মজুত থাকার সম্ভাবনা নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে আসা মানেই সেখানে বাণিজ্যিক গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া নয়। প্রয়োজনীয় খনন, ভূতাত্ত্বিক ও ভূকম্পন জরিপ এবং তথ্য-উপাত্ত বিশ্লেষণের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
এখন স্থানীয়দের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে—ইনানীর মাটির নিচে সত্যিই কি বড় কোনো গ্যাসের মজুত রয়েছে, নাকি এটি সীমিত ভূগর্ভস্থ গ্যাসের নির্গমন। সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার পরবর্তী অনুসন্ধান কার্যক্রমের দিকে এগোচ্ছে বাপেক্স।
